admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপৌর্টারঃ সাভারের আশুলিয়ার গৌরিপুর ও চারাবাগ এলাকায় প্রায় এক হাজার পরিবারের মাঝে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হতে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার চারাবাগ ও গৌরিপুর এলাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে গৌরিপুর ও চারাবাগ এলাকায় কিছু অবৈধ গ্যাস সংযোগকারী ব্যক্তি তিতাসের মূল লাইন থেকে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার করে টাকা নিয়ে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। যার ফলে বৈধ গ্যাস ব্যবহারকারীরা ঠিক মত গ্যাস পাচ্ছিলেন না। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে ওই দুই এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার পরিবারের মাঝে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
এসময় দুটি খাবার হোটেলের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জালানোর অভিযোগে বেশ কয়েকজনকে নগদ টাকা জরিমানা করা হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস সংযোগকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, সাভার ও আশুলিয়ায় কোন ভাবেই অবৈধ গ্যাস সংযোগ ঠেকানো যাচ্ছে না। কিছু অবৈধ গ্যাস চোরাকারবারী প্রতিনিয়ত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। নিম্ন মানের পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেওয়ায় প্রতিনিয়ত বাসাবাড়িতে দুর্ঘটনা ঘটছে।
অভিযানে এসময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী (জোবিঅ) আবু সাদাৎ মোহাম্মদ সায়েমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।