admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২০ ৬:৪৫ অপরাহ্ণ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেছেন কোনো সিন্ডিকেট নেই, অনিয়মও হচ্ছে না । এই মুহূর্তে সর্বত্রই আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্যখাতের সিন্ডিকেট। গত কয়েক বছরে বিশেষকরে করোনাকালে যত অনিয়ম আর অব্যবস্থাপনা ধরা পড়েছে তাতে ঘুরেফিরে এই সিন্ডিকেটের কথাই সামনে আসছে। এর মধ্যে গতকাল সোমবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক স্পষ্টভাবেই সিন্ডিকেটের কথা বলেছেন। তবে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, এই খাতে কোনো সিন্ডিকেট নেই, কোনো অনিয়মও হচ্ছে না।
আজ ১৪ জুলাই দুপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কোথাও কোনো সিন্ডিকেট আমার চোখে পড়েনি। সবকিছু নিয়মানুযায়ী চলছে। করোনা মোকাবেলায় আমরা ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছি।
গতকাল সোমবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী। মন্ত্রণালয়ের বহু লোক এর সঙ্গে জড়িত। এই সিন্ডিকেট ভাঙা কঠিন, এটা যেমন সত্য তেমনি এটাকে না ভাঙতে পারলে এই খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না, তাও সত্য। আমি এই সিন্ডিকেটের নেটওয়ার্ক উদ্ধার করেছিলাম। ডকুমেন্টসহ প্রধানমন্ত্রীর কাছে জমাও দিয়েছি। তিনি ব্যবস্থা নিতে বলেছিলেন, তবে সেটা সম্ভব হয়নি। সময়ের ব্যবধানে সেই সিন্ডিকেট এখন আরো অনেক বেশি শাক্তিশালী।