admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার (১৯ আগস্ট) সকালে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালত পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন—দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মো. শফিকের ছেলে আব্দুল কাদের (৩৬) ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেন চন্দ্র দেবনাথ জানান, রোববার দুপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে দুই মাদক কারবারি যাত্রী সেজে ফেনসিডিল বহন করে কোথাও যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে অভিযান চালানো হয়।
এসময় ট্রেনের ‘ছ’ বগিতে তল্লাশি করে ১৬৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।