admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২০ ১২:১১ অপরাহ্ণ
সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটির ট্যাক্স ফাঁকিতে চলছিল সেই গাড়ি, নেই ফিটনেস সনদও। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়া সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটির ফিটনেস ও ট্যাক্স টোকেন হালনাগাদ নেই। সেই গাড়ি থেকেই নেমে ঢাকার এমপি হাজী সেলিমের ছেলে ইরফানের লোকজন ওয়াসিফকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ ব্র্যান্ড ল্যান্ড রোভারের গাড়িটির নম্বর প্লেট হচ্ছে ঢাকা মেট্রো ঘ-১১-৫৭৩৬।
সেই গাড়িটি বর্তমানে ধানমন্ডি থানায়, ইনসেটে ইরফান সেলিম জানা গেছে, দীর্ঘদিন ধরে গাড়িটি ব্যবহার করে আসছিলেন হাজী সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর (বরখাস্ত) ইরফান। ঘটনার দিনও তিনি ওই গাড়িতেই ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মামলার কারণে গাড়িটি বর্তমানে ধানমন্ডি থানায় আটক রয়েছে। সড়কে যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ দেয়া ও রোড ট্যাক্স নেয়ার কাজটি করে থাকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির তথ্য বলছে, ২০০৫ সাল থেকে গাড়িটির রোড ট্যাক্স দেয়া হয়নি, ফিটনেস সনদ হালনাগাদ করা হয়নি ২০১০ সাল থেকে।
এ ধরনের গাড়ির ক্ষেত্রে বর্তমানে বছরে ৭৫ হাজার টাকা রোড ট্যাক্স নেয়া হয়, প্রতিবছর নির্দিষ্ট ফি জমা দিয়ে নিতে হয় ফিটনেসের হালনাগাদ সনদ। এ দুটি টোকেন হালনাগাদ করা না হলে নির্ধারিত হারে জরিমানা নেয়ার বিধানও রয়েছে।বিআরটিএর এক কর্মকর্তা বলেন, ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের সময় পাঁচ বছরের ফিটনেস সনদ দিয়ে দেয়া হয়। পরে প্রতিবছর এ সনদ নবায়ন ও ট্যাক্স দিতে হয়। কিন্তু ২০০৫ সালে এই গাড়িটির মালিকানা পরিবর্তনের পর এ দুটি টোকেনের কোনোটিই নেয়নি নতুন মালিক।
জানা গেছে, ২৪৯৫ সিসি ক্ষমতাসম্পন্ন ল্যান্ড রোভারে এ গাড়িটি ইউরোপীয় একটি দেশের দূতাবাসের জন্য শুল্কমুক্ত হিসেবে আনা হয়। দূতাবাস এটি নিলামে তুললে ২০০৪ সালে কিনে নেয় অটোটেক লিমিটেড। ২০০৫ সালে গাড়িটির মালিকানা বদল করা হয়। নিয়ম অনুযায়ী মালিকানা বদলের সময় ক্রেতাকে নিবন্ধনের সময় শুল্ক পরিশোধ করতে হয়। নতুন সড়ক পরিবহন আইনে ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন হালনাগাদ না করা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ নিয়ে চলাচল করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ট্যাক্স টোকেন হালনাগাদ ছাড়া চললেও একই সাজা প্রযোজ্য বলে উল্লেখ রয়েছে।
এ আইনের ২১ ধারায় মালিকানা বদল হলে গাড়ির বিক্রেতাকে ৩০ দিনের মধ্যে জানানো এবং ক্রেতাকে ৬০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য বিআরটিএর কাছে আবেদন করতে বলা হয়েছে। ৩০ দিনের মধ্যে নতুন মালিকের নামে নিবন্ধন দেয়ার কথা সংস্থাটির। এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ বিষয়ে হাজী সেলিমের ছেলে ইরফান কারাগারে থাকায় মন্তব্য জানা সম্ভব হয়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, ওই ঘটনার পর পরই রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ। এরপর সোমবার সকালে হাজী সেলিমের ছেলে ইরফানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ নিয়ে ওই দিনভর র্যাব ও পুলিশের জোর তৎপরতা লক্ষ্য করা যায়। পরে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে তার দেহরক্ষীসহ গ্রেপ্তার করা হয়।