admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
রিভিউ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরো বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে পূর্বঘোষিত তারিখ রিভিউ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে শিক্ষা মন্ত্রণালয় তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে এটা (শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ) রিভিউ করা হতে পারে।
করোনা পরিস্থিতির যদি অবনতি ঘটে অর্থাৎ সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই তারা (শিক্ষা মন্ত্রণালয়) এটা রিভিউ করবেন। আর করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে তারা তাদের মতো করে হয়তো সিদ্ধান্ত নেবেন। এদিন সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।