admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২০ ৮:২৪ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। সুতরাং শিক্ষার গুণগত মান নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ্যদের নিয়োগ নিশ্চিত করতে অভিন্ন নীতিমালার কথাও বলেন তিনি।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশ করতে বঙ্গভবনে গেলে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে বলেন, এ জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা যায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, শিক্ষার্থীরা যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ে যেমন গবেষণা কার্যত্রম সম্প্রসারণ করতে হবে, তেমনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।
ইউজিসি প্রতিনিধি দলের কাছ থেকে শিক্ষা বিষয়ক প্রতিবেদন গ্রহণ করছেন রাষ্ট্রপতি, এ ছাড়া ইউজিসিকে পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনিয়ম দূরীকরণে জোরালো ভূমিকা রাখার কথা বলেন। সেইসঙ্গে ইউজিসির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
এ সময় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার অগ্রগতিসহ কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম উজ জামান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।