admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
রাশিয়ার তৈরি কোভিড ভ্যাকসিন স্পুটনিক- ভি- ৪০ লাখ ডোজ আসছে মে মাসেই। বাংলাদেশে করোনাভাইরাসের টিকার সঙ্কট চলছে বেশ কয়েকদিন ধরে। ইতোমধ্যে প্রথম ডোজের টিকাদান বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অনিশ্চিত অবস্থায় আসলো সেই কাঙ্ক্ষিত সুখবর। রাশিয়ার তৈরি কোভিড ভ্যাকসিন স্পুটনিক-ভির ৪০ লাখ ডোজ আসছে আগামী মে মাসেই। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, আপাতত এই ৪০ লাখ ডোজ পাঠাবে রাশিয়া। এরপর ধীরে ধীরে আরও ভ্যাকসিন আসবে।
এই ঘোষণার ঘণ্টাখানেক আগে দেশে রাশিয়ার টিকা স্পুটনিক-ভি জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় এই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এর ফলে এখন থেকে রাশিয়ার টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে আইনগত আর কোনো বাধা থাকলো না। প্রসঙ্গত, এ নিয়ে বাংলাদেশে দুটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল।
এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। টিকাটি কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেখান থেকে ৩ কোটি ডোজ কেনার অগ্রিম চুক্তি করে বাংলাদেশ। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় তারা টিকা রপ্তানি করতে পারছে না।