admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি,ঠাকুরগাঁওঃ রাত পোহালেই ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। তাই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে শুধুমাত্র জেলা পরিষদের সদস্য প্রার্থীদের জন্য।
ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচ উপজেলা পরিষদে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট। এ ছাড়া ভোট কেন্দ্রের চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটর্নিং অফিসার মো: সফিকুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে। আশাকরি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। প্রসঙ্গত, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হবে বিকেল ২টায়। নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ উপজেলায় ৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৭৫৮ জন।