ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাট এ করেছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার-এ স্লোগানকে ধারণ করে মঙ্গলবার ৭ অক্টোবর রাত ৯টা থেকে রাজারহাট উপজেলার নাককাটির হাটে অনুষ্ঠিত হয় এক মাদকবিরোধী সমাবেশ।
নাককাটির হাট মাদক প্রতিরোধ সংস্থা আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শামসুল হক, এবং সঞ্চালনা করেন মোঃ হাসিবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইহসানুল হক। সমাবেশে বক্তব্য রাখেন মোঃ তরিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, কুড়িগ্রাম সদর, এবং মোঃ শহিদুল ইসলাম, সহ-সুপার, চাকিরপশার দাখিল মাদ্রাসা।
রাজারহাট উপজেলায় দীর্ঘদিন ধরেই মাদকের বিস্তার ছিল। প্রশাসনের নানা পদক্ষেপেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ওসি নাজমুল আলমের নেতৃত্বে স্থানীয়দের সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার ফলে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পুলিশি তৎপরতা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার এক বাস্তব উদাহরণ।
নাককাটির হাটের এক প্রবীণ বাসিন্দা বলেন, আগে যেখানে মাদক বিক্রি হতো প্রকাশ্যে, এখন সেখানে তরুণেরা মাদকবিরোধী স্লোগান দিচ্ছে-এটা সত্যিই ইতিবাচক পরিবর্তন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রাজারহাট একদিন হয়ে উঠবে মাদকমুক্ত মডেল উপজেলা।