admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের সামনে ২ তরুণ নিহত, লাশ সিএমএইচে। রাওয়া ক্লাবের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খাওয়ায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার ভোরের দিকে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার এসআই আনিসুর রহমান জানান, নিহত দুইজন হলেন- উমর আইমান ও ফাহিম আহমেদ রায়হান। দুজনেরই বয়স ২০ বছর এবং শিক্ষার্থী।
তাদের মধ্যে একজন বিদেশে লেখাপড়া করে দেশে এসেছেন, আর উমরের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলে জানা গেছে। গাড়ি থেকে নিহত দুজনের সঙ্গে আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করা হয় জানিয়ে আনিসুর রহমান বলেন, আহত ব্যক্তি ওই গাড়িটির চালক, তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচে চিকিৎসাধীন। নিহতদের লাশ দুটিও একই হাসপাতালে রাখা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির নম্বর প্লেট- ঢাকা মেট্রো ঘ ১৩-৩৯৭৯। কোথাও যাওয়ার পথে এটি মহাখালী রাওয়া ক্লাবের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা দেয়।
এ সময় চালককে পেছনের সিটে বসিয়ে গাড়িটি চালাচ্ছিলেন ফাহিম আহমেদ রায়হান। তবে আহত চালকের নাম-পরিচয় এবং হতাহতদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।