admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুন, ২০২১ ১০:৪৮ পূর্বাহ্ণ
রাজধানীর মহাখালীতে অবস্থিত সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ জুন) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টাখানেকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। অধিকাংশ বাসিন্দা ঘুমন্ত অবস্থায় থাকার কারণে কোনোরকমে জান নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। পুড়ে গেছে আসবাবপত্রসহ সকল প্রকার সহায়-সম্বল। আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পরে যোগ দেয় আরও ১০টি।
এই ১৮ ইউনিটের চেষ্টার পর সকাল ৭টার কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই খেটে খাওয়া মানুষগুলোর শত শত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত হয় ভোর ৪টার দিকে। ৩০ মিনিট পর থেকেই আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘণ্টা তিনেকের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয় তারা। এখন পর্যন্ত কারো হতাতহ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বস্তির ঘরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কামরুল ইসলাম আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হলো আমরা তা এখনো জানতে পারিনি। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। তবে তার আগে ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টা জানার চেষ্টা করছেন।