admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ বৈশ্বিক মহামারী করোনা সংকটে মানবিক এবং সামাজিক কাজ করে ইতিমধ্যেই মানুষের আস্থা ভালোবাসা অর্জন করেছে বাংলাদেশ পুলিশ। রংপুরে করোনার বিস্তার রোধে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে মাইকি প্রচার করছে পুলিশ। রংপুর বিভাগের ৮ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নগরীতে জনসমাগম কমাতে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।
পুলিশ ভ্যানে মাইক বেঁধে গান ও কবিতার মাধ্যমে করোনার ভয়াবহতা তুলে ধরে স্বাস্থ্যবিধি মানাতে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করছেন ওসি আব্দুর রশিদ। ওসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। মঙ্গলবার (২৯ জুন) সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত রংপুুুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মেট্রোপলিটন কোতোয়ালী থানার (ওসি) মোঃ আব্দুর রশিদ নিজে মাইক্রোফোন হাতে নিয়ে মাইকিং করছেন। এ সময় নিজের লেখা
কবিতা ও গান গেয়েছেন তিনি। তবে পুলিশি তৎপরতা থাকলেও বেশির ভাগ মানুষকে উদাসীন ভাবে চলাফেরা করতে দেখা গেছে। এদিকে মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদকে নগরীর সিটি বাজার, জেলা পরিষদ সুপার মার্কেট, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, কলেজ রোড, স্টেশন রোডসহ শহর ও নগরের গুরুত্বপূর্ণ সড়কে মাইক প্রচার করতে দেখা যায়।
পুলিশের প্রচার মাইক থেকে জোড়ালো স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে করোনার বিস্তার রোধে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগমস্থল এড়িয়ে চলা, এবং জ্বর, সর্দি, কাশি হলে ভয় না করে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে।
সোমবার (২৮ জুন) থেকে শুরু হওয়া সীমিত পরিসরে তিনদিনের লকডাউনের দ্বিতীয় দিনেও গণপরিবহন বন্ধ থাকায় সড়কে ব্যাটারীচালিত রিকশা, ইজিবাইক, ও মোটরসাইকেল চালকের দখলে ছিল রাস্তা। পণ্যবাহী যানবাহনের পাশাপাশি দেখা যায়, থ্রি-হুইলার, প্রাইভেটকার, মাইক্রো। পাবলিক মিনিবাস চলাচলও মোটামুটি স্বাভাবিক ছিলো। মঙ্গলবার রংপুরের সকল শপিংমল ও মার্কেট বন্ধ থাকলেও রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট এর চিত্র দেখাগেছে ভিন্ন, বেশ কিছু ব্যবসায়ী মার্কেটের সামনে অস্থায়ী দোকান লাগিয়ে ব্যবসা করছে।
এদিকে সরকারি বিধিনিষেধ মানাতে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালাচ্ছেন রংপুর মেট্রো পলিটন পুলিশ। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, অহেতুক ঘোরাঘুরি ও মোড়ে মোড়ে আড্ডা বন্ধে বাড়ানো হয়েছে পুলিশি মোহড়া।
পুলিশের পক্ষ থেকে জনগণকে সরকারি নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ঘরে থাকতে ও প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্ক হবার আহ্বান জানানো হচ্ছে। আগামী ১ জুলাই থেকে ঘোষিত কঠোর লকডাউন শক্তভাবে কার্যকর করা হবে। লকডাউনে যারা বিধিনিষেধ অমান্য করে চলাফেরা করবে এবং সংক্রমণ ঝুঁকি বাড়াবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি আব্দুর রশিদ।