admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেলঃ মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদার দিবস উপলক্ষে তার নামে প্রতিষ্ঠিত শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতন-এ বুধবার (৩ মার্চ) সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, রংপুর-এর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু।
শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংস্কৃতিকর্মী, নাট্যব্যক্তিত্ব ও সমাজসেবক ডা. মফিজুল ইসলাম মান্টু, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক মোঃ শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ আফিফা ইশরত চেতনা প্রমুখ। স্কুলটির শিক্ষক শারমিন আক্তার ও রওজাতুন নাহার প্রেমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেরদৌস আক্তার।
অনুষ্ঠানে মাইশা তারান্নুম, কুয়াশা আক্তার এশা, প্রযুক্তা অক্ষর, ফাতেমা-তুজ-জোহরা বৃষ্টি, সফুরা খাতুন ও ফারহানা আক্তার বীথি নৃত্য, সংগীত ও আবৃত্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ শংকুর স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, শহীদ শংকুর সাহসীকতার গল্প আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
এদিকে, মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদার এর পরিবারের খোঁজ-খবর নিয়েছেন রংপুরের জেলা প্রশাসক। বুধবার বেলা ১২টায় শংকুর বাড়িতে গিয়ে তার মা দিপালী সমজদার এর সাথে দেখা করেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় খোঁজ-খবর নেয়াসহ আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু ও অন্যরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মার্চ কারফিউ ভেঙ্গে রংপুরেও হরতাল পালিত হয়। সেই আন্দোলনের অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল নগরীর স্টেশন রোডস্থ আলমনগরের দিকে এগিয়ে গেলে এক অবাঙ্গালীর বাড়ি থেকে ছোড়া গুলিতে শহীদ হন ষষ্ঠ শ্রেণি পড়ুয়া শিশু শংকু সমজদার।