admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২০ ৯:৩৬ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ মাহিগঞ্জ কাইদাহারা গ্রামের বাসিন্দা মহির উদ্দিন। ৬০ বছরের এই বৃদ্ধ স্থানীয় জমজম ফিড মিলে শ্রমিকের কাজ করতো। তুচ্ছ ঘটনা নিয়ে গত ২০/১০/২০২০ খ্রি. তারিখ মঙ্গলবার সহকর্মী রশিদুল ইসলামের সাথে ঝগড়া বাঁধে। এ সময় ক্ষিপ্ত হয়ে রশিদুল, জহিরুল ও জহুরুল মিলের হাওয়া মেশিন দিয়ে মহির উদ্দিনের পেটে বাতাস ঢুকিয়ে দেয়।
এতে মহির উদ্দিনের পেট ফুলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এবিষয়ে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। ঘটনার পর থেকেই সিপিএসসি, র্যাব-১৩, রংপুর মামলাটির ছায়া তদন্ত শুরু করে।
তারই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন নেকবক্ত বাজার সংলগ্ন দাওয়াবাড়ীর বিস্তৃর্ণ চর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার অন্যতম আসামী মোঃ জহিরুল ইসলাম বাবু (৩০), পিতা- মোঃ আব্দুল জলিল, সাং- মাহিগঞ্জ (দেওয়ানটুলি), থানা- মাহিগঞ্জ, আরপিএমপি, রংপুর’কে গ্রেফতার করে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাহিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।