admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র জুড়ে হামলার হুমকি স্কুলে নিরাপত্তা জোরদার। মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৭ ডিসেম্বর গুলি চালানো হবে বলে টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার পর বৃহস্পতিবার থেকে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেনামী ও অস্পষ্ট হুমকিটি প্রথম কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। তবে পোস্টগুলোতে শুক্রবার সারা দেশের স্কুলে গুলি এবং বোমার হুমকির বিষয়ে সতর্ক করা হয়।
রয়টার্সের বরাত দিয়ে ইপোক টাইমস খবরটি দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টগুলো বিশ্বাসযোগ্য ছিল এমন কোনো প্রমাণ তারা পাননি। তবে অ্যারিজোনা, ওয়াশিংটন, কানেকটিকাট, ইলিনয়, মন্টানা, নিউ ইয়র্ক এবং পেনসিলভেনিয়াসহ রাজ্য জুড়ে স্কুলের কর্মকর্তারা বলেছেন, তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলে নিরাপত্তা বাড়িয়েছে। কানেকটিকাটের নৌগাটক পুলিশ বিভাগ একটি বিবৃতি জারি করে অভিভাবকদের জানায়, তারা আগামী দিনে স্কুলগুলোতে মোতায়েন ও টহল বাড়াবে। কারণ এ অঞ্চলের স্কুলগুলোতে হুমকি বেড়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা বোধ বাড়ানোর জন্য নিরাপত্তা সদস্যদের মোতায়েন করা হবে দীর্ঘমেয়াদে।
সিয়াটেলের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি স্কুলে হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত কাজের সতর্কতা হিসেবে হাই স্কুল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ সিয়াটেল পাবলিক স্কুলের কর্মীদের কাছ থেকে কল পায়। ফ্র্যাঙ্কলিন হাই স্কুলের ছাত্রদের জড়িত একটি সামাজিক মিডিয়ায় হুমকি দেওয়া হয়। রেইনিয়ার বিচ হাই স্কুলেও সম্ভাব্য হুমকির রিপোর্ট করা হয়েছে। এতে স্কুল বন্ধ করা হয়। কর্মকর্তারা বলছেন, সিয়াটেল পুলিশ বিভাগ ক্যাম্পাসের নিরাপত্তার জন্য সিয়াটেল পাবলিক স্কুলগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং প্রয়োজনে অতিরিক্ত টহল দেবে। অ্যারিজোনায়, স্কটসডেল ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট, অভিভাবকদের কাছে একটি চিঠিতে বলেছে, হুমকিগুলো সাধারণ এবং দেশব্যাপী শেয়ার করা হচ্ছে।
নিউইয়র্কের ওনিডা কাউন্টি শেরিফ রবার্ট ম্যাসিওল বলছেন, এলাকার স্কুলগুলোতে শুক্রবার পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। মিশিগানের চার্লটন পুলিশ বিভাগ বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, চার্লটন মিডল স্কুলের জন্য হুমকি সম্পর্কে একটি স্ন্যাপ চ্যাট বার্তা ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি, এই হুমকিটি টিকটক পোস্টের সাথে সম্পর্কিত হতে পারে এবং বিশ্বাসযোগ্য হুমকি নয়। আমরা সতর্কতা হিসেবে নির্দিষ্ট এলাকায় টহল বাড়িয়েছি।