admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৯:০৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র ও চীনর অলিম্পিককে ঘিরে কূটনৈতিক যুদ্ধ! অলিম্পিক নিয়ে যুক্তরাষ্ট্র-চীন মুখোমুখি – আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমসে কূটনৈতিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিশোধ নেয়ার কড়া হুমকি দিয়েছে বেইজিং। আজ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি সামনে আনেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। এদিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা জবাব দিতে বেইজিং সংকল্পবদ্ধ বলে উল্লেখ করেছেন ঝাও লিজিয়ান। তবে সম্ভাব্য এই ব্যবস্থার বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
চীনা নতুন হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গতকাল সোমবার অলিম্পিক বয়কটের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর হোয়াইট হাউস। সেখানকার প্রেস সেক্রেটারি জেন সাকি বলছেন, চীনের জিনজিয়াংয়ে ইউঘুর মুসলিমদের ওপর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার প্রতিবাদে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।অলিম্পিক আসরে কূটনৈতিক বয়কটের কারণে আন্তর্জাতিক এই গেমে যোগ দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা। তবে মার্কিন ক্রীড়াবিদদের এতে যোগ দিতে কোনো সমস্যা নেই।
চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত মাসে বিলের একটি খসড়া সংশোধনের প্রস্তাব করেছিলেন মার্কিন সিনেটররা। তাতে অলম্পিকে মার্কিন কূটনীতিকদের পাঠালে সরকারি তহবিল ব্যবহার না করতে বলা হয়। কূটনৈতিক বয়কটের আহ্বান জানান ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা। শেষ পর্যন্ত আসরটিতে কূটনীতিক না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ৪-২০ ফেব্রুয়ারি চীনের রাজধানী বেইজিং, হেইবেইয়ের ঝ্যাংজিয়াকউ ও পার্বত্য ইয়াংকিঙে অনুষ্ঠিত হবে এবারের অলম্পিক প্রতিযোগিতা। এর মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক আয়োজনের একমাত্র কর্তৃত্ব অর্জন করতে যাচ্ছে বেইজিং।