admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে ওমিক্রনের ভয়াবহ অবস্থা ৮০০ ফ্লাইট বাতিল ঘোষণা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়েই চলেছে বিশ্বের পরাশক্তি খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রে। এর ফলে দেশটির বিমান সংস্থাগুলোর পাইলট ও ক্রুদের আইসোলেশনে থাকার হিড়িক পড়েছে। ফলশ্রুতিতে সোমবার সকাল নাগাদ প্রায় ৮০০ মার্কিন ফ্লাইট বাতিল হয়ে গেছে। ফ্লাইটএওয়ার ডটকমের বরাত দিয়ে রয়টার্স জানায়, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটিতে মার্কিনিদের সবচেয়ে বেশি বিমানে চড়তে দেখা যায়।
কিন্তু এবার এই রীতিতে ব্যাঘাত ঘটিয়েছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। এটির প্রভাবে সোমবার সকাল পর্যন্ত দেশটির ৭৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ক্রুরা ওমিক্রনসহ করোনার অন্যান্য ভ্যারিয়েন্টকে কেন্দ্র করে আইসোলেশনে রয়েছেন। সে কারণে ফ্লাইট চলাচল থমকে গেছে। ফলে যাত্রীরাও দূরের যাতায়াতের ক্ষেত্রে বিকল্প মাধ্যম ব্যবহার করতে শুরু করেছেন।
এ ছাড়া কিছু কিছু এলাকায় আবহাওয়া খারাপ থাকায় ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। ফলে পুরো পরিস্থিতি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে মার্কিন বিমান সংস্থাগুলোর জন্য। তবে এ নিয়ে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লেষ্ট কর্তৃপক্ষ। এদিকে, বেশ কয়েকটি মার্কিন বিমান সংস্থার শেয়ারের দাম ২-৩ শতাংশ কমে গেছে। এই তালিকায় রয়েছে আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ, ইউনাইটেড এয়ারলাইন্স হোলডিং, ডেল্টা এয়ারলাইন ও সাউথওয়েস্ট এয়ারলাইন্সও।
গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় B.1.1.529 নামে ওমিক্রন প্রথম শনাক্ত হয়, যা টিকা অকার্যকর করতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, বিদ্যুৎ গতিতে শতাধিক দেশে ওমিক্রনের বিস্তার ঘটছে, বাকি দেশগুলোতেও শিগগিরই পৌঁছে যেতে পারে এটি। এই ভ্যারিয়েন্ট ঠেকাতে নানা ধরনের বিধিনিষেধ জারির হিড়িক পড়ে গেছে দেশে দেশে।