admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২১ ৮:২৮ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ। যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও গুরুত্ব দিয়েছে দেশটি। লন্ডনে অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ কৌশলগত সংলাপে বৃহস্পতিবার যুক্তরাজ্য তাদের এই অবস্থান তুলে ধরে। দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপের নেতৃত্বে ছিলেন।
অপরদিকে, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব কথা জানানো হয়। এতে বলা হয়, এফসিডিও’র বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে উঠে আসা কিছু বিষয় যেমন— বিধিবহির্ভূত আটক, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রভাব, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং বিধিবহির্ভূত বিচার প্রক্রিয়া— নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। অপরদিকে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার উন্নয়নে মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা এবং সুশীল সমাজের উপস্থিতির বিষয়ে একমত হয়েছে উভয় দেশই।
এর আগে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করে। পরে ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য হাইকমিশন আলাদা একটি বিজ্ঞপ্তি প্রচার করে। যুক্তরাজ্য হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে যুক্তরাজ্য ও বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব, নিরাপত্তা এবং প্রতি রক্ষাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে কার্যকর মতবিনিময় করা হয়।
জানা যায়, ২০১৯ সালের পর প্রথমবারের মতো সশরীরে সাক্ষাতের সুযোগকে স্বাগত জানিয়ে সংলাপ শুরু করে উভয় পক্ষ। এবারের কৌশলগত সংলাপ এমন সময় অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি বছর চলছে। এই সংলাপ যুক্তরাজ্য-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরো দৃঢ় করেছে। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গভীর সামাজিক, সাংস্কৃতিক এবং প্রবাসী সংযোগ ও কমনওয়েলথের সদস্যপদের কারণে মানুষের সঙ্গে মানুষের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন উভয় দেশের প্রতিনিধিরা।
বৈঠকে দুই দেশে করোনার মহামারিতে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। সারাদেশে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানায় যুক্তরাজ্য। এ ছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশ সংঘাত প্রতিরোধ, সন্ত্রাসবাদ মোকাবেলা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা সমর্থনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে। এ ছাড়া উভয় দেশই দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিষয়ে প্রশিক্ষণ, পেশাগত সামরিক শিক্ষা এবং ইন্সট্রাকশনাল এক্সচেঞ্জসহ যৌথ সহযোগিতাকে স্বাগত জানায়। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে একটি প্রতিরক্ষা বিষয়ক সংলাপ উদ্বোধনের আশা ব্যক্ত করে উভয় পক্ষ।