admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুন, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ
যশোরের বেনাপোল স্থলবন্দরে একটি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ভেতরে ৩২ নম্বর শেডের সামনে কেমিক্যাল ভর্তি ট্রাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয় বলে জানা গেছে। খবরের সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল জানান, ভারত থেকে ১ হাজার বস্তা কেমিক্যাল আমদানি করে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি। কেমিক্যালের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো কোলকাতা মেড ইমপেক্স প্রাইভেট লিমিটেড। এর আমদানি মূল্য ৮ হাজার মার্কিন ডলার।
বেনাপোল বন্দরের এই কর্মকর্তা আরো জানান, একটি ট্রাকে ভারত থেকে কেমিক্যালের চালানটি আসার পর আনলোডের জন্য বন্দরের ৩২ নম্বর শেডের সামনে অপেক্ষা করছিল। এ অবস্থায় হঠাৎ করেই ট্রাকে থাকা কেমিক্যালে আগুন ধরে যায়। পরে বন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কী কারণে ট্রাকটিতে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। অবশ্য আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল।