admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
ময়মনসিংহে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসিসহ আহত ২০ জন। এতে পুলিশের ওসি ও কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ শহরে এ ঘটনা ঘটে। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা যায়, এদিন দুপুরে নগরীর দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদরাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক হোসেন এবং পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলীও রয়েছেন।
এ ছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি মাজেদুর রহমান রুমন এবং ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ হাবিব এ ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম ও স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সমাবেশের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তাদের অনুষ্ঠান শেষ করতে বলা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ নিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে ছাত্রদল নেতাদের দাবি, পুলিশ তাদের সভায় বিনা উস্কানিতে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। এ সময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণও করা হয়েছে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এ ব্যাপারে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, সভার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর তাদের দ্রুত অনুষ্ঠান শেষ করতে বলা হয়। কিন্তু সে কথা শুনে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।