admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
মন্ত্রী মন চাইছে আত্মহত্যা করি, কোন দেশে আছি ? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তার এই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, বেলা ১১টা ৩৯ মিনিটে তিনি এই স্ট্যাটাস দেন। এতে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। আমি একটি চেকে বাংলায় ডিসেম্বর লিখেছি বলে চেকটি (ব্যাংকের) কাউন্টার থেকে ফেরত দিয়েছে। কোন দেশে আছি অবশ্য পরে মন্ত্রী ফোন করায় চেকটি অনার করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী একটি গণমাধ্যমকে বলেন, তিনি তার পরিচিত এক ব্যক্তিকে দিয়ে একটি বেয়ারার চেক দেন। কিন্তু একটি ব্যাংকের রাজধানীর এলিফ্যান্ট রোড শাখায় চেকটি জমা দিলে তা প্রথমে ফেরত দেওয়া হয়। কারণ ডিসেম্বর বানানটি বাংলায় লেখা ছিল। মোস্তাফা জব্বার জানান, চেকটি ফেরত দেওয়া হলে ওই ব্যক্তি বাসায় ফিরে তাকে ঘটনাটি জানান। এরপর বিষয়টি নিয়ে মন্ত্রী নিজে ব্যাংকের ওই শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এরপর চেকটি অনার করা হয়। ব্যাংকটির নাম না জানিয়ে মন্ত্রী আরো বলেন, ব্যাংকটির মতিঝিলের প্রিন্সিপাল শাখায় তার হিসাবটি, অ্যাকাউন্ট। সেখানে বরাবরই তিনি চেকে মাসের নাম বাংলায় লেখেন। এতে তার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সেই হিসেবে এবারও চেকে ‘০২ ডিসেম্বর, ২০২১’ এভাবে তারিখ লিখেছেন। এটি ছিল বেয়ারার চেক।
এদিকে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করে মোস্তাফা জব্বার বলেন, আমার এই স্ট্যাটাস কোনো প্রতিষ্ঠানকে খাটো করার জন্য নয়। বরং ভাষার মর্যাদা রক্ষায় এটি করেছি আমি। কারণ একমাত্র বাংলাদেশই বিশ্বের ভাষা-ভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম হয়েছে। বাংলা ভাষা আগে প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু এখন আর সে সমস্যা নেই।