admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২০ ৯:০৯ অপরাহ্ণ
মেজর (অব.) সিনহা হত্যা: আরো ৩ জন গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতরা হলেন- বাহারছড়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। তারা তিনজনই পুলিশের দায়ের করা মামলার সাক্ষী এবং হত্যাকাণ্ডের ঘটনার পর মেজর সিনহাকে ডাকাত বলে প্রচার করেছিলো। এদিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি তাদের সঙ্গে টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখছে র্যাব।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। পুলিশের পক্ষ থেকে ওই সময় বলা হয়, রাশেদ সিনহা তার পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দেন। এর পর তিনি পিস্তল বের করলে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথাও জানায় পুলিশ। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
গণমাধ্যমে কথা বলছেন মেজর সিনহার বোন পরদিন এ ঘটনার বিচার চেয়ে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা দায়ের করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলার এজাহরভুক্ত আসামিরা হলেন- টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক (ইন্সপেক্টর) লিয়াকত আলী, উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) লিটন মিয়া, এএসআই টুটুল, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আবদুল্লাহ আল মামুন ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।