admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
মেঘনা নদীতে জেলেদের হামলায় কোস্টগার্ড সদস্য নিখোঁজ। মেঘনা নদীতে ইলিশ ধরা জেলেদের হামলায় পারভেজ নামে এক কোস্টগার্ড সদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মধ্যরাতে বরিশালের হিজলার গৌরবদী এলাকায়ে এই ঘটনা ঘটে। পারভেজকে উদ্ধারে অভিযান চালানো হলেও আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, গতরাতে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এ সময় জেলেরা হামলা চালালে দুই কোস্টগার্ড সদস্য নদীতে পড়ে যান। তাদের একজন নৌযানে উঠতে পারলেও অপরজন নিখোঁজ হন।

পারভেজের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, পুলিশ ও ডুবুরিরা। পুলিশ জানায়, মেহেন্দীগঞ্জের ইউএনওর নেতৃত্বে মা ইলিশ রক্ষায় চালানো অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। এ সময় ইউএনওর নিরাপত্তায় থাকা এক আনসার সদস্যের শটগান নদীতে পড়ে যায়, সেটিও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে গত ১১ অক্টোবর হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ওপর হামলা চালিয়েছিল জেলেরা। ওই ঘটনার জেরে সোমবার জেলেপল্লীতে ঢুকে লাঠিচার্জ করে কোস্টগার্ডের সদস্যরা। এতে এক অন্তঃসত্ত্বাসহ ৫-৬ জন আহত হওয়ার অভিযোগ রয়েছে।
ইলিশ মাছকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ করে দিতে প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। গত ৩ অক্টোবর দিবাগত রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এই ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুত নিষিদ্ধ থাকছে।