admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
মৃত জাহাঙ্গীর এক বছর ধরে চাল তোলেন ! মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় সাগরে-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় জেলেদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়। নিবন্ধন কার্ডের মাধ্যমে জেলেরা সেই সহায়তা গ্রহণ করেন। জাহাঙ্গীর নামে এক জেলে এক বছর আগে মারা গেলেও নিয়মিতই তার কার্ড দিয়ে চাল তোলা হচ্ছে! ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে। মৃত জাহাঙ্গীরের কার্ড দিয়ে চাল তোলা হচ্ছে, অপরাধটা এখানেই সীমাবদ্ধ নয়। তার নামে আবার দুটো কার্ড। একটা আসল, আরেকটা নকল।
দুটো দিয়েই গত এক বছর ধরে চাল তোলা হচ্ছে। এই কাজে সাহায্য করছে এক ইউনিয়ন পরিষদেরই এক সদস্য! গতকাল শুক্রবার (১৮ জুন) বিষয়টা জানাজানি হয়। অনিয়ম ঠেকাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. আনছার উদ্দিন নিজে বসে থেকে জেলেদেরকে চাল দিচ্ছিলেন। এ সময় মৃত জাহাঙ্গীরের আসল কার্ড দিয়ে চাল তুলে নেয়া হয়। ঘণ্টাখানের পর জাহাঙ্গীরের নকল কার্ড দিয়ে চাল নিতে আনেন আরও একজন।
বিষয়টি ধরে ফেললে ওই ব্যক্তি জানান, ইউপি সদস্য আলম ফকির তাকে এই কার্ড চাল নিতে বলেছেন। জাহাঙ্গীর নামে কাউকে তিনি চেনেন না। সে জীবিত নাকি মৃত- তাও জানেন না। এ ব্যাপারে আলম ফকির বলেন, আমি ওই ব্যক্তিকে কোনো কার্ড দেইনি। এগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত।