admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৬১৫ জন। গত রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল চলাকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে বিষয়ে একটি মামলা করেছে পুলিশ। এতে ১৫ জনের নাম উল্লেখসহ ৫-৬ শ জনকে আসামি করা হয়েছে। ওই দিন হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ শতাধিক আহত হন।
জানা গেছে, সিরাজদিখান থানার উপ-পরিদর্শক রিমন হোসাইন বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, হেফাজতের নায়েবে আমীর মধুপুর পীর আব্দুল হামিদের দুই ছেলে ওবায়দুল্লাহ কাশেমী (৪০) এবং আবদুল্লাহসহ (৩৫) ১৫ জনের নাম উল্লেখ করে মামলায় আরো ৫-৬ শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামরুজ্জামান।
তিনি বলেন, মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উল্লেখ্য, ঘটনার দিন সংঘর্ষে আহতদের মধ্যে অন্যতম হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ, হাফেজ মাওলানা বশির আহম্মেদ, সিরাজদিখান থানার ওসি এসএম জালাল উদ্দিন, এসআই সেকেন্দার আলী, এএসআই রাজু আহমেদ প্রমুখ।