admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বাংলাদেশি ২০ মাঝিকে ধরে নিয়ে গেছে। বাংলাদেশি তিনটি ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি। সংশ্লিষ্ট ট্রলার মালিকরা এমন অভিযোগ করেছেন। ঘটনাটি গতকাল সোমবার, ৮ নভেম্বর, ঘটলেও আজ মঙ্গলবার, ৯ নভেম্বর, জানা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে সোমবার বিকেলে ট্রলারগুলো নিয়ে যায় বিজিপি।
এ সময় বাংলাদেশি ২০ মাঝিকে ধরে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় প্রশাসন ও বিজিবি সূত্র খবর শুনলেও বিষয়টি নিশ্চিত করেনি। এ বিষয়ে ট্রলারের মালিকরা সংবাদ মাধ্যমকে জানান, টেকনাফের মো. সালমান, বদি আলম বদিয়ার ও সৈয়দ বলির মালিকাধীন ট্রলারগুলো মাছ শিকারের জন্য দুই দিন আগে সাগরে যায়। বঙ্গোপসাগরে মাছ শিকার করা শেষে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি পৌঁছালে বিজিপি সদস্যরা ছোট ট্রলার নিয়ে আসে। এ সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এবং ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে টেকনাফ বোট মালিক সমিটির সভাপতি আবদুল জলিল জানান, তাদের ঘাটের তিনটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফিরছিল। এ সময় মিয়ানমারের নৌ পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত তিনটি ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এক কর্মকর্তা এ বিষয়ে বলছেন, তারা শুনেছেন যে, মাঝিমাল্লাসহ ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন। তবে ট্রলার মালিক কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে যোগাযোগ করেনি।
এ বিষয়ে টেকনাফ ২, বিজিবি, ব্যাটালিয়নের উপ-পরিচারক লেফটেন্যান্ট এম মুহতাসিম বিল্লাহ শাকিল গণমাধ্যমকে বলেন, এ রকম একটি খবর তারা শুনেছেন। তবে ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।