admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
বাংলাদেশি ৪টি ট্রলারসহ ২২ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। এ সময় তারা কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। আজ শনিবার, ২০ নভেম্বর, সকাল ১০টার দিকে সেন্ট মার্টিনের অদূর থেকে দুই দফায় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের, ইউপি, চেয়ারম্যান নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমারের নৌবাহিনী তাদের দ্বীপের ৪টি ট্রলারসহ ২২ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি বিষয়টি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সেন্ট মার্টিনের বাসিন্দা মো. আজিম, নুরুল আমিন, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকানাধীন ৪টি মাছ ধরার ট্রলারে করে গতকাল শুক্রবার সন্ধ্যায়, ১৯ নভেম্বর, সাগরে মাছ ধরতে যান ২২ জন মাঝিমাল্লা। মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা আজ শনিবার সকালে দ্বীপের পূর্ব দিকে এসে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ট্রলারগুলো এবং মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়।
বিষয় নিশ্চিত করেচেন সেন্ট মার্টিন স্টেশন কোস্টগার্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা রোহিঙ্গা নাকি বাংলাদেশি— সেটি খতিয়ে দেখা হচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, পারভেজ চৌধুরী এ বিষয়ে বলেন, মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর আমি শুনেছি। কোস্টগার্ড ও বিজিবি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবে। তবে টেকনাফ ২ বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।