admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ
ইক্কা মির্জা, স্টাফ রিপোর্টার মালয়েশিয়াঃ মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শিগগিরই বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে মালয়েশিয়া। এ বিষয়ে শিগগিরই ঢাকার সঙ্গে চুক্তি সই হতে যাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান আজ শুক্রবার, ১০ ডিসেম্বর, এ তথ্য জানিয়েছেন।
দেশটির সংবাদ মাধ্যম সারাভানানের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই হবে। এর পরপরই বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হবে মালয়েশিয়ায়। কৃষি, উৎপাদন, বৃক্ষরোপণ, সেবা, খনি, খনন, নির্মাণ এবং গৃহকর্মীসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করা হবে বলেও জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।
দ্য মালয়েশিয়ান রিজার্ভ বলছে, এম সারাভানান জানিয়েছেন, এর আগে শুধু বৃক্ষ রোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছিল মন্ত্রিসভা। তবে এবার দেশটির মন্ত্রিসভা সকল খাতের জন্যই বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ২০১৮ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। অবশেষে দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।