admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ৪ দেশ ভ্রমণ নিষিদ্ধ! মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফ্রান্স, জর্ডান, পর্তুগাল ও তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন, সিডিসি। করোনার সবচেয়ে ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে জরুরি ভিত্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। দক্ষিণ আফ্রিকা থেকে একের পর এক দেশে ছড়িয়ে পড়ায় ৮৩টি দেশকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে সিডিসি। সবশেষ হালনাগাদ করা এই তালিকায় গতকাল নতুন করে যুক্ত হয়েছে অ্যান্ডোরা, সাইপ্রাস ও লিচটেনস্টেইন। এ ছাড়া নতুন আইন অনুযায়ী, বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে প্রকাশের একদিনের ভেতরে এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে ভাইরাসটি প্রতিরোধক টিকা নেয়া বিদেশীদের ৩ দিনের মধ্যে পরীক্ষার সনদ জমা দেয়ার নিয়ম ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দক্ষিণ আফ্রিকার ৮টি দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ করেছে মার্কিন সরকার। ওমিক্রন শনাক্ত হওয়া এসব দেশ থেকে এটি ছড়িয়ে পড়া ঠেকাতে আগাম এই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এসব দেশের ওপর অন্য কোনো দেশ এখনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।
এদিকে, যুক্তরাজ্যে দ্রুত ছড়ানো এবং টিকা অকার্যকর করতে সক্ষম এই ভ্যরিয়েন্ট কয়েক সপ্তাহের মধ্যেই ডেল্টাকে ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কার প্রকাশ করেছেন দেশটির মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক পল হান্টার। দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। ব্রিটেনেও কেউ বুঝে ওঠার আগেই ডেল্টাকে পেছনে ফেলবে এটি। কীভাবে এমনটা ঘটতে পারে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি এই বিশেষজ্ঞ।
গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় B.1.1.529 নামে ওমিক্রন শনাক্তের পর দ্রুত ছড়িয়ে পড়ছে এটি। এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় সীমান্ত বন্ধসহ ভ্রমণ নিষেধাজ্ঞা জারির হিড়িক পড়ে গেছে দেশে দেশে। একইভাবে সতর্কতা জারিসহ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বাংলাদেশেও।