admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
মানবপাচারের মামলার সাথে জড়িত ২ জন গ্রেপ্তার। লিবিয়ায় মানবপাচারের মামলার ৬ আসামি পলাতক থাকায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাদারীপুরের শাহাদাত হোসেন (২৯) ও কিশোরগঞ্জের জাফর ইকবাল (৩৮)। এর মধ্যে শাহাদাতকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ এবং জাফরকে ইতালি পুলিশ গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ভারতে এক নারীকে পাচারের অভিযোগে দক্ষিণখান থানায় দায়ের হওয়া মামলায় কয়েকদিন আগে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি। ইন্টারপোলের সঙ্গে বাংলাদেশে কাজ করা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) গত ১০ জানুয়ারি চিঠি দিয়ে জাফরকে গ্রেপ্তারের কথা জানায় ইতালি পুলিশ। এ তথ্য জানিয়ে এনসিবির সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম বলেন, জাফরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে, ৪০ কার্যদিবসের মধ্যে এটি সম্পন্ন হতে পারে।
প্রসঙ্গত, গত বছর মে মাসে লিবিয়ায় পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হয়। এর মধ্যে ২৬ জনই বাংলাদেশি নাগরিক। ওই ঘটনায় বাংলাদেশে দায়ের হওয়া মামলার আসামিদের মধ্যে শাহাদাত ও জাফর রয়েছেন। এ ছাড়া অপর চার আসামি এখনো পলাতক রয়েছেন। তারা হলেন- মিন্টু মিয়া, স্বপন, নজরুল ইসলাম মোল্লা ও তানজিরুল। এদের ধরতে গত নভেম্বরে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করে সিআইডি।