admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মে, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ বলে বিএনপি নাকি বিদেশীদের কাছে দৌড়ায় কিন্তু আমরা কি দেখলাম, প্রধানমন্ত্রী ১৬০ জনের এক বিশাল বহর নিয়ে জাপান, আমেরিকা ও যুক্তরাজ্যে গেলেন। সেখানে গিয়ে যখন সফল হলেন না তিনি দেশে এসে বললেন স্যাংশন দেয়া দেশ থেকে কিছু কিনবেন না। পরে আবার বললেন আমেরিকা থেকে নাকি ৮০ টাকা কেজিতে সয়াবিন তেল কিনবেন। এরা এরকমই, মুখে বলে এক, করে আরেক।
তিনি আজ সন্ধ্যায় পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার এলাকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলিজিয়েট ইনিস্টিটিউট মাঠে পঞ্চগড় জেলা বিএনপি’র আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ভোট চুরি আওয়ামীলীগের পূরোনো অভ্যাস, আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের কথা বলে তাদের মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই। তিনি ৭৩ সালের নির্বাচনের কথা স্মরন করে বলেন দাউদকান্দি ও গৌরিপুর সেন্টারে আওয়ামীলীগের নেতা খন্দকার মোশতাক যখন হেরে যাচ্ছিল সে সময় ব্যালট পেপার তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গভবনে ঘোষনা দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ার রশিদকে পরাজিত করা হয়েছিল। এরা তো সেই আওয়ামীলীগ যারা ডাকসুর ব্যালট বাক্স তুলে নিয়েছিল কারন তারা জনতার রায় বিশ্বাস করেনা। সেই প্রমান ২০১৪ সালের সাংসদ নির্বাচনে তারা জনগনকে বিশ্বাস করেন নাই ভোটের আগেই ১৫৪ জন এমপি ঘোষনা করেছে।
জনসমাবেশে জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম সহ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন।
এর আগে জেলার ৫ উপজেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা ।
এদিকে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, নাঈমুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
দুই দলের সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন উপজেলা থেকে আসার সময় বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন জেলা বিএনপি নেতারা। বিএনপির জনসভাকে কেন্দ্র করে জেলা শহরের চৌরঙ্গী মোড় সহ জনসমাবেশ স্থলের গেট ও ব্যারিস্টার বাজার এলাকায় অতিরিক্ত পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।