admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ৯:০১ পূর্বাহ্ণ
ভারতে বিজেপির কারণে সাম্প্রদায়িক ভারত, বিস্ফোরিত হবে কাশ্মির। বিজেপি সরকার ভারতকে সাম্প্রদায়িক করে তুলছে বলে অভিযোগ করেছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ। অঞ্চলটির বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদি সরকারের নীতির কারণে, মন্তব্য করেন তিনি। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লাহ এক সাক্ষাৎকারে বলেন, কাশ্মির পরিস্থিতি এখন ‘আগ্নেয়গিরির’ মতো, যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফল ছড়িয়ে পড়বে সারা দেশে, কিছুই আর অবশিষ্ট থাকবে না। নরেন্দ্র মোদির আমলে মুসলিম হওয়াটা ‘ভীতিকর’ মন্তব্য করে তিনি বলেন, বিজেপি সরকারের সময় ধর্মনিরপেক্ষ ভারত সাম্প্রদায়িক হয়ে উঠছে, তারা মানুষকে বিভক্ত করছে। এ জন্য বিজেপিবিরোধী ঐক্যের অভাবও দায়ী। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাটল নিয়ে কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, রাহুলরা সাহায্য না করায় গভীরভাবে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি চ্যালেঞ্জ করার পরেও তার পক্ষে না দাঁড়িয়ে বিরুদ্ধে মাঠে নামে কংগ্রেস। আসন পুনর্বিন্যাসের প্রস্তাব সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে তিনি আরো বলেন, কাশ্মিরের চেয়ে জম্মুকে বেশি আসন দেয়া সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরিপন্থী। এর মাধ্যমে হিন্দু অধ্যুষিত জম্মুর ওপর ভর করে নির্বাচনে জেতার কৌশল নিয়েছে বিজেপি। খবর পার্সটুডের।
২০১৯ সালের আগস্টে কাশ্মিরের সাংবিধানিক স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে বিজেপির নরেন্দ্র মোদি সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘদিন যাবত অঞ্চলটিকে কার্যত অবরুদ্ধ করে রাখে ভারতীয় বাহিনী। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে এখনো, যাতে নতুন মাত্রা যুক্ত করেছে আফগানিস্তানে তালেবানের উত্থান।