admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
ভারতে নতুন আইন, ভোগান্তি বাংলাদেশিদের। পাসপোর্টধারী বাংলাদেশিরা আকাশপথের ভিসা নিলেও স্থলপথে ভারতে প্রবেশ করতে পারতেন। হঠাৎ করেই এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের গত ৯ ডিসেম্বর জারি করা নতুন সিদ্ধান্তের ফলে ফিরে আসতে হয়েছে প্রায় ৪০০ বাংলাদেশিকে। বাংলাদেশি পাসপোর্টধারী এসব মানুষ চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার জন্য দেশটিতে যাচ্ছিলেন।
তারা জানান, ভিসায় আকাশপথের কথা উল্লেখ থাকায় এমন বিপাকে পড়তে হয় তাদের। ভুক্তভোগীরা জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশনে করা ভিসার আবেদনে স্থলপথের কথা উল্লেখ করেছিলেন তারা। কিন্তু স্থলপথের বদলে আকাশপথের ভিসা ধরিয়ে দেয়া হয়। ভারতীয় ইমিগ্রেশন ও হাইকমিশনের এ ধরনের নতুন আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, শুক্রবার বিকেল থেকে আকাশপথের ভিসা থাকা যাত্রীদের স্থলপথে ভারতে প্রবেশ আটকে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এমন যাত্রীদের আর না পাঠাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশকে অনুরোধ জানিয়েছে তারা। এর ফলে করোনা মহামারির মধ্যে বাড়তি ঝামেলায় পড়তে হচ্ছে বিভিন্ন দরকারে ভারতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের। করোনা পরীক্ষার নেগেটিভ সনদ, দুই ডোজ টিকা দেয়ার মতো এই সময়ের কিছু বিধিনিষেধ তো রয়েছেই।