admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২১ ৯:১০ পূর্বাহ্ণ
ভারতে করোনা পরিস্থিতি খ্যারাপ হওয়ায় ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। ইতোমধ্যে অন্তত ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার বিপজ্জনক এই ধরনটি। ভারতেও বেশ কয়েকজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এই অবস্থায় ভারত সরকার আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। অথচ করোনার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট আগামী ১৫ ডিসেম্বর থেকে আবার চালুর করার ঘোষণা আগেই দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, এক বিজ্ঞপ্তিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। অবশ্য ভারতের সঙ্গে বিশ্বের যেসব দেশের এয়ার বাবল চুক্তি রয়েছে, সেসব দেশে ফ্লাইট চলাচলে কোনো বাধা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একই সঙ্গে যাত্রীবাহী বিমানের ফ্লাইট বন্ধ থাকলেও বরাবরের মতো পণ্যবাহী আন্তর্জাতিক কার্গো ফ্লাইটগুলো চালু থাকবে বলে জানিয়েছে ডিজিসিএ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩১ জানুয়ারির পর যদি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হয়, সেক্ষেত্রে শুরুতেই সব রুটে ভারতীয় যাত্রীবাহী ফ্লাইট নাও চলতে পারে। বরং করোনার সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে নির্ধারিত কিছু রুটে ভারতীয় বিমান চলতে পারে।