admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
ভারতের সুশান্ত সিংয়ের পরিবারের ৫ সদস্য নিহত। আলোচিত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এ নিয়ে জোর বিতর্কের মধ্যেই তার পরিবারের ৫ সদস্যের মৃত্যু হলো সড়ক দুর্ঘটনায়। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় বিহারের লাখিসারাইয়ে এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানায়, লাখিসারাই জেলায় হলসি থানা এলাকায় সুশান্তের স্বজনদের বহন করা সুমো গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিহতদের মধ্যে সুশান্তের বড় বোনের স্বামী, দুই ভাগ্নে রয়েছে। সুশান্ত পরিবারের নিহত সদস্যরা হলেন- লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং, মগিনা দেবী ও অনীতা দেবী। এ ছাড়া তাদের গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন, গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
নিহত ৬ জনের মরদেহ লাখিসারাই হাসপাতালে রাখা হয়েছে, সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হবে। আহতদের চিকিৎসার জন্য পাটনা হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবরে বলা হয়, নিহতরা তাদের পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনায় যান। সেখান থেকে জামুইখেরা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোরে কুয়াশার মধ্যে বেশি গতিতে গাড়ি চালানোয় কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে। পরে জানা যায়, নিহতরা সবাই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্বজন।