admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
ভারতের মুম্বাইয়ে বৃষ্টি থেকে ভূমিধস, নিহত ২৫জন। বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে প্রবল বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে তিনটি এলাকার বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়ে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়- উদ্ধারকর্মীরা হাত দিয়ে মাটি খুঁড়ে একাধিক মরদেহ বের করে নিয়ে আসছেন।
এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নগর কর্তৃপক্ষ সর্বশেষ ২৪ ঘণ্টায় বাড়ি ও দেয়াল ধসের অন্তত ১১টি ঘটনার খবর পেয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা মুম্বাই ও এর আশপাশের এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। লোকজনকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে মুম্বাইয়ের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া বিভাগ শনিবার রাত ৮টা থেকে রোববার ভোররাত ২টা পর্যন্ত মুম্বাইয়ে ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আগামী ৫ দিন মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।