admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ
ভারতের বিহার রাজ্যে ভেজাল মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। রাজ্যটির গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় গত দুই দিনে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ইন্ডিয়া টুডে আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পশ্চিম চম্পারণ জেলার তেলহুয়া গ্রামে ভেজাল মদপানে ৮ জনের মৃত্যু হয়েছে।

একইদিন গোপালগঞ্জ জেলায় ভেজাল মদ পান করে আরো ১৬ জন প্রাণ হারিয়েছে। অবশ্য দুই জেলার একটি জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখনো মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি। এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে উত্তর বিহারে তৃতীয়বারের মতো মদপানে নিহত হওয়ার ঘটনা ঘটলো বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
এ বিষয়ে বিহারের মন্ত্রী জনক রাম সাংবাদিকদের বলেছেন, নকল মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কিন্তু নিহতদের বাড়িতে গিয়ে আমি খোঁজখবর নিয়েছি। আমার মনে হচ্ছে, এনডিএ সরকারের বদনাম করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।এদিকে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আনন্দ কুমার জানিয়েছেন, জেলার মোহাম্মদপুর গ্রামে রহস্যজনকভাবে গত দুই দিনে কয়েকজন মারা গেছেন।
তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়ায় এখনো তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব ঘটনা তদন্ত করছে পুলিশের আলাদা ৩টি দল। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু মরদেহ তাদের পরিবার দাহ করে ফেলেছে।