admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ মার্চ, ২০২০ ৭:১০ অপরাহ্ণ
ভারতের দিল্লির সহিংসতায় আক্রান্ত গোকুলপুরী থেকে উদ্ধার হল আরও দুটি লাশ। রোববার একটি নর্দমা থেকে উদ্ধার হয়েছে দেহ দুটি। এর ফলে দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে হল ৪৪। আহত হয়েছেন ৩০০ রও বেশি মানুষ। রোববার সকাল ১০টা নাগাদ প্রথম দেহটি উদ্ধার করা হয়। অপর দেহটি উদ্ধার হয় বিকেল তিনটা নাগাদ। তবে এই দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে, ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার অংকিত শর্মার দেহও উদ্ধার হয়েছিল নর্দমা থেকে।
তার দেহের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, হিংসাকারীরা নৃশংসভাবে ৪০০ বার কোপ মেরেছিল। রাজধানীর সহিংসতার ঘটনায় এখনও পর্যন্ত ১৬৭টি এফআইআর দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ৮৮৫ জনকে। দিল্লি চেম্বার অফ কমার্স হিসেব করে দেখেছে, এই হিংসার ফলে প্রায় ২৫,০০০ কোটি টাকার লোকসান হয়েছে হিংসার আগুনে।