admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
ভারতীয় ভ্যারিয়েন্ট ভাইরাস শনাক্ত ডিএনসিসি হাসপাতালে। করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) এবার শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালে। সেখানে দুই রোগীর শরীরে ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে বলে জানা গেছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির বিষয়টি আজ শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন। তারা দুই জনই ভারত থেকে এসেছেন এবং নির্দেশনা অনুযায়ী তাদের টেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে।
ভারত থেকে যারা আসছেন তাদের কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, চ্যালেঞ্জিং সময় যাচ্ছে, কোভিড-১৯ রোগীদের নিয়ে কাজ করায় নিজেও আক্রান্ত হওয়ার শঙ্কায় আছি। করোনা রোগীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, করোনা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
মাস্ক পরার পাশাপাশি যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো কারণে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, বলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির। উল্লেখ্য, কোভিড-১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্টটি (ধরন) বি.১.১৬৭ নামে অভিহিত করা হয়েছে। এটি অতি সংক্রামক। ভারতে করোনার যে ভয়াবহতা চলছে তার পেছনে এ ভ্যারিয়েন্টের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।