admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
ব্রাজিলের নজর ১.১৭ ট্রিলিয়ন ডলারের হালাল খাদ্যবাজারে। কফি, গরুর গোস্ত ও সয়াবিনের মতো খাদ্যদ্রব্যের জন্য বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ব্রাজিল মুসলিম দেশগুলোতে হালাল খাদ্যবাজারের দিকে মনোযোগ দিচ্ছে। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে গ্লোবাল হালাল ব্রাজিল বিজনেস কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে দেশটির কৃষি মন্ত্রণালয়ের উপ-বাণিজ্য সচিব ফ্লাভিও বেত্তারেলো এ কথা বলেন।

কনফারেন্সে বেত্তারেলো জানান, ইন্দোনেশিয়া, লেবানন ও মরক্কোর সাথে এই ধরনের বাজারে প্রবেশাধিকার প্রসারিত করতে এবং ভুট্টা, গরুর গোস্ত , মুরগির গোস্ত ও কাঁচা চিনিসহ অন্যান্য কৃষিপণ্য বিক্রি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে ব্রাজিল। আরব-ব্রাজিল চেম্বার অব কমার্সের তথ্য অনুসারে, ৫৭ সদস্যের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ২০২০ সালে গম, ভুট্টা, চিনি, চাল, দুধ এবং দুগ্ধজাত পণ্যসহ মোট ১৯০ দশমিক ৫ বিলিয়ন ডলারের খাদ্য সামগ্রী আমদানি করেছে। এর মধ্যে ব্রাজিল রপ্তানি করেছিল ১৪ দশমিক ১ বিলিয়ন ডলারের পণ্য। বেত্তারেলো জানান, ব্রাজিলের প্রায় অর্ধেক পণ্য রপ্তানি হয় ওআইসিভুক্ত মাত্র পাঁচটি দেশে। দেশগুলো হলো- তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও বাংলাদেশ। এ অবস্থায় ব্রাজিল নতুন বাজারে প্রবেশের জন্য চাপ অব্যাহত রাখবে এবং বিক্রিত পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনবে বলে উল্লেখ করেন তিনি।
স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমিক রিপোর্ট অনুসারে, মুসলিম দেশগুলো ২০১৯ সালে খাবার কিনতে প্রায় ১ দশমিক ১৭ ট্রিলিয়ন খরচ করেছে। ২০২৪ সাল নাগাদ তারা খাবার কিনতে ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলার ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিল এ ক্ষেত্রে তাদের বাজার আারো বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে। উল্লেখ্য, ব্রাজিল বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক এবং গরু ও মুরগিসহ হালাল মাংসের বৃহত্তম উৎপাদক। ব্রাজিল অমুসলিম রাষ্ট্র হলেও মুসলিম দেশের চাহিদা অনুযায়ী তারা পণ্য প্রক্রিয়াজাত করে থাকে।