admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।বুধবার গণমাধ্যমকে এসব কথা জানান রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। ব্যারিস্টার রফিকুল হক গত বৃহস্পতিবার থেকে এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
ডা. নাহিদ ইয়াসমিন জানান, গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করে রফিক-উল হক শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে অবস্থার আরো অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থা এখনো সংকটাপন্ন। তবে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।
গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা নিয়ে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। পরে গত শনিবার তিনি কিছুটা সুস্থ বোধ করলে তাকে সকালের দিকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসায় যাওয়ার কিছুক্ষণ পরই আবার অসুস্থ হয়ে পড়েন রফিক-উল হক। পরে বিকেলের দিকে তাকে ফের একই হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের ডাক্তার রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। এ ছাড়া তার শরীরে ইউরিন সমস্যা ও রক্তশূন্যতা রয়েছে।