admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২০ ৮:১৩ পূর্বাহ্ণ
বিজি-২৪৮ ফ্লাইটে ৪ ঘণ্টা তল্লাশি করে ওই ফ্লাইটের টয়লেটে প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার এ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তথ্যটি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির জানান, চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছে। সেটির অংশ হিসেবে আজ সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
দুবাই থেকে আগত বিজি-২৪৮ ফ্লাইটে ৪ ঘণ্টা তল্লাশি করে ওই ফ্লাইটের টয়লেটে ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা, যোগ করেন তিনি। জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে এই কর্মকর্তা আরো বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।