admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৫ পূর্বাহ্ণ
বিএনপি ৫ বিভাগের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এবার ৫টি সাংগঠনিক বিভাগের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছে বিএনপি। আজ বুধবার বিকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা।
এসব বিভাগে থাকা দলের নির্বাহী সদস্য ও জেলা সভাপতিদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বৈঠকের মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা উপস্থিত রয়েছেন বলে জানান তিনি।
বৈঠকে ৮৫ জন নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি উপস্থিত রয়েছেন বলে জানা গেছে বিএনপি সূত্রে। এ ছাড়া দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সঞ্চালিত বৈঠকে শোক প্রস্তাব পেশ করেছেন সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তবে বৈঠকের আলোচনার বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি এখনো।
এর আগে ২১ সেপ্টেম্বর ঢাকা ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের নির্বাহী সদস্য ও জেলার নেতাদের সঙ্গে দ্বিতীয় দফার প্রথম পর্বের বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে প্রথম দফায় তিন পর্বের বৈঠকে মিলিত হন বিএনপির শীর্ষ নেতারা। এর মধ্যে গত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর বিএনপির কার্যনির্বাহী কমিটির তিনটি দীর্ঘ সভায় অংশ নেন ২৪৯ জন নেতা। এসব বৈঠকে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহযোগী সংস্থাগুলোর শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ার্পারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
ওই সব বৈঠকের আলোচনা-পর্যালোচনা করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসে গত শনিবার রাতে। এসব বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাহী কমিটির বিভাগভিত্তিক সদস্য এবং স্থানীয় নেতাদের সঙ্গে ২১, ২২, ২৩ সেপ্টেম্বরের মতবিনিময় সভা শুরু হয়েছে।
বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, সবগুলো বৈঠকেই প্রায় সকল নেতা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বয়কটের পক্ষে মতামত দিয়েছেন। অন্যদিকে, নির্দলীয় সরকারের দাবিতে কঠোর আন্দোলনে নামার কথা বলেছেন তারা।আগামীতে দলটির সম্ভাব্য রাজনৈতিক কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি এবং ভবিষ্যতে করণীয় ঠিক করতে একের পর এক বৈঠক করা হচ্ছে। এরইমধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলোতে দীর্ঘদিন পর নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন নেতারা।