admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
ফখরুল বলেছেন খালেদা জিয়ার চিকিৎসা কঠিন হচ্ছে। বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে তার চিকিৎসা দিনকে দিন কঠিন হয়ে পড়ছে, বলেন তিনি। আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষক দলের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। ১৯৯৮ সালের ১৬ মে’র পর অর্থাৎ ২২ বছর পর সংগঠনটির সম্মেলন হচ্ছে এবার। বিএনপি কঠিন সময় পার করছে মন্তব্য করে তিনি বলেন, নেত্রীকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, ভীষণ অসুস্থ তিনি। আমরা অবিলম্বে তার মুক্তি চাই, মুক্তি দিতে হবে নিঃশর্তভাবে।
খালেদা জিয়াকে গৃহবন্দি রাখা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না সরকার। দেশেই চিকিৎসার কথা বলা হচ্ছে, এতে তার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগ এক সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল মন্তব্য করে তিনি বলেন, সেই কথা ভেবে দলকে বাঁচাতে চাইলে অবিলম্বে মাফ চান। ক্ষমতা দেশের মানুষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেন।
সরকারকে পদত্যাগ করে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে ভোট হোক। নতুন সরকার ও সংসদ আসুক। সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারাও।