admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে যা জানা গেল। করোনায় আক্রান্ত খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বাস্থ্য পরীক্ষা আগামী সোমবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার ব্যক্তিগত অন্যতম চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ শুক্রবার জানান, আজ ও কাল আরো কয়েকটি পরীক্ষা করানো হবে। সব পরীক্ষা শেষ হতে সোমবার পর্যন্ত লাগতে পারে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, পুরোনো ওষুধের সঙ্গে গত পরশু থেকে নতুন কিছু ওষুধ দেয়া হচ্ছে। তবে তিনি বর্তমানে ভালো আছেন।
বিএনপি নেত্রীর বাসায় ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, সব পরীক্ষা শেষ হলে চিকিৎসকরা রিপোর্টগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয় দফায় সিটি স্ক্যানসহ বেশ কয়েকটি পরীক্ষা করাতে খালেদা জিয়াকে গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় বেশ কিছু জটিলতায় ভোগা সাবেক এই প্রধানমন্ত্রীকে।
এর আগে গত ১৫ এপ্রিল রাতে একই হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। ওই সময় এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার মাইল্ড পর্যায়ের সমস্যা ধরা পড়েছে। উল্লেখ্য, গত ১০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষা করা হলে খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এ ছাড়া তার বাসভবন ‘ফিরোজা’র আরো ৮ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। তবে কয়েকজন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন।