admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা যা জানা গেল। করোনার সংক্রমণ থেকে সুস্থ হলেও কোভিড-১৯ পরবর্তী ও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, অর্থাৎ আগের মতোই আছেন তিনি। এখনো তাকে কৃত্রিম অক্সিজেন দেওয়া হচ্ছে। কিডনিতে কিছুটা সমস্যা রয়েছে। আগের মতোই রয়েছে ডায়াবেটিসও।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আজ সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। হাসপাতালের সিসিইউতে রেখেই তাকে করোনা পরবর্তী জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড আজ সোমবারও খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে বলে জানা গেছে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত ১৪ দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রয়েছেন বিএনপি নেত্রী। তিনি যদিও করোনামুক্ত হয়েছেন, কিন্তু তার পরও পুরোনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। একই সঙ্গে রয়েছে হৃদযন্ত্র ও কিডনির জটিলতাও। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি-পন্থী এই চিকিৎসক আরো বলেন, চিকিৎসকরা বেগম জিয়ার করোনা পরবর্তী নানা রোগের বিষয়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। এর বেশি কোনো আপডেট আজ নেই। এটা একটা দীর্ঘ মেয়াদি চিকিৎসা। একজন চিকিৎসক হিসেবে প্রেডিকশন করে এখনই কিছু বলা যাবে না।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। প্রথমে কয়েক দিন বাসায় থেকে চিকিৎসা নিলেও গত ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।