admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানালেন এত ত্যাগ ও বেদনার কারণ। জনগণের সঙ্গে সম্পর্ক না থাকায় সরকারের কারো কাছে জবাবদিহিতা নেই উল্লেখ করে ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন, করোনা মহামারি নিয়ে ব্যবসা করছে সরকার। আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। এদিন ‘গুম-খুন-নির্যাতিত’ পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। এ সময় মির্জা ফখরুল বলেন, দুর্নীতি করার জন্য একটি কোম্পানিকে টিকা আনার অনুমতি দিয়েছে সরকার। বিকল্প উৎস থেকে টিকা আনার জন্য বিএনপির পক্ষ থেকে দেড় বছর আগে বলা হয়েছিল উল্লেখ তিনি বলেন, কিন্তু তাতে কান দেয়নি সরকার। নিজেদের স্বার্থে একটি উৎস থেকেই টিকা আনতে চেয়েছিল তারা।
এতদিন পরে এসে বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ঘোলা করে পানি খাওয়া সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, পরিত্রাণ পেতেই হবে। গুম-খুন-নির্যাতিত পরিবারগুলোর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, প্রতি বছর এমন অনুষ্ঠান আবেগাপ্লুত করে আমাদের। কিন্তু আপনাদের ক্ষতি পূরণ করার শক্তি আমাদের নেই, তা সম্ভবও না। অবস্থার পরিবর্তন করতে না পারায় নিজেদের অপরাধী মনে হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটা উদ্দেশ্যেই আন্দোলন করছি, রাজনীতি করছি- সেটা হলো গণতান্ত্রিক সমাজব্যবস্থা চাই, অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে চাই।
রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, এই শক্তিকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আমরা। এ জন্য এত ত্যাগ, এত ব্যথা, এত বেদনা। এই গুম-খুনের জন্য সরকারকে একদিন জবাবদিহিতা করতে হবে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, গুম-নিখোঁজ হওয়াদের পরিবারের কাছে আওয়ামী লীগকে জবাব দিতে হবে, পুরো জাতির কাছে জবাব দিতে হবে। অনুষ্ঠানে গুম-খুন-নির্যাতিত পরিবারগুলোকে ঈদ উপহার হিসেবে ফুল ও খামে নগদ অর্থ দেয়া হয়। এ সময় বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, ছাত্রদলের সাবেক নেতা নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।