admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন প্রতিপক্ষ আ. লীগ নয়, পুলিশ-প্রশাসন। নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেছেন এখন আওয়ামী লীগ নয়, আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ-প্রশাসন। আজ বৃহস্পতিবার গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক হুইপ শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি নীলফামারী জেলার সৈয়দপুরের প্রভাবশালী নেতা।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। সবচেয়ে দুঃখজনক হলো- নির্বাচনগুলোতে প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় দাবি করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা তাদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাতীয় সংসদ নির্বাচনকেও তারা প্রহসনে পরিণত করেছে।
এই অবস্থার পরিবর্তনে নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানকে লঙ্ঘন করে মানুষের অধিকার হরণ করা এবং বিনা ভোটের বেআইনি সরকার তারা। গতকালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে অনিয়ম তুলে ধরে তিনি বলেন, নেতাকর্মী-সমর্থকদের সম্পৃক্ত করতে এবং জনগণের কাছে যেতে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। সভা-সমিতি-মিটিং করতে না দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় শওকত চৌধুরীকে বিএনপিতে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সৈয়দপুরের জনগণকে নেতৃত্ব দেবেন তিনি। আরো অনেকে বিএনপিতে যোগ দিচ্ছে। অতীতে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি, আগামীতেও আনবো।