admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ৮:৩৯ পূর্বাহ্ণ
বিএনপি’র মহাসচিব ফখরুল বলেছেন আপনাদের যাওয়ার সময় হয়ে গেছে সরকারের উদ্দেশ্যে। বাংলাদেশ গভীর সংকটে রয়েছে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছে বিএনপি। শুক্রবার গাজীপুরে এক সমাবেশে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া, বিএনপি বা তারেক রহমানের নয়, সংকটটা সকল জনগণের মন্তব্য করে তিনি বলেন, সুতরাং দলকে সুশৃঙ্খলভাবে তৈরি করতে হবে, আরো বড় আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। সে জন্য প্রস্তুত থাকতে হবে, জনগণকে সংগঠিত করে মাঠে নামতে হবে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ করে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। এতে মির্জা ফখরুল বলেন, ১৫ বছর পর গাজীপুরে সমাবেশ হচ্ছে। সত্যিই স্বাধীন থাকতে চাইলে, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাইলে শৃঙ্খলার সঙ্গে চলতে হবে। ইতিহাসের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল বাহিনী না হলে, শৃঙ্খলা না থাকলে কেবল আবেগ দিয়ে, স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না। শৃঙ্খলা এনে জনগণকে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। কেউ কাউকে কিছু দিয়ে দেয় না, সবকিছু আদায় করে নিতে হয়। আমাদের হিস্যা সেখাবেই আদায় করতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উত্তাল আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, রাজপথের দুর্বার আন্দোলনের মাধ্যমে দানবীয় এই সরকারকে উৎখাত করতে হবে। আন্দোলনের মাধ্যমেই কেবল গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। মনে রাখবেন, ভোট ডাকাত এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। নির্বাচন কমিশন, ইসি, গঠনের আগে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বা কোনো ব্যক্তি দেশের প্রভু বা মালিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ দেশের মালিক, তাদের ট্যাক্সের টাকায় প্রশাসন চলে। তাই প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন, তাদের বলতে চাই কখনো সংবিধান লঙ্ঘন করবেন না। কোনো ব্যক্তি বা দলকে নিরাপত্তা দেয়া নয়, রাষ্ট্রের ও জনগণের নিরাপত্তা দেয়া আপনাদের দায়িত্ব। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মিলন। এতে আরো বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান, ইশরাক হোসেন, হাসান উদ্দিন সরকার, হুমায়ুন কবির খান, কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।