admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
বাংলাদেশ হাইকোর্ট এক রায়ে বলেছেন বেসরকারি শিক্ষকদের ৬ মাসের বেশি বরখাস্ত নয়। হাইকোর্ট এক রায়ে বলেছেন, অনুমোদিত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না। আজ বৃহস্পতিবার এমন রায় দেন দেশের শীর্ষ আদালত। বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তি করে এই রায় দেন। এদিন রিটের পক্ষে আদালতে রুল শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির।
অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এরপর আইনজীবী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ১৯৭৯ সালের বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত না রাখার নির্দেশনাটি অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, ২০০৭ সালে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু দীর্ঘ ১৪ বছরেও সেই অভিযোগের নিষ্পত্তি হয়নি।
এ অবস্থায় ২০১৭ সালে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে বাদশা মিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানির পর বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না— তা জানতে রুল জারি করে আদালত। সেই রুল শুনানির পর নিষ্পত্তি করে আজ রায় দেন উচ্চ আদালত।